নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে আবারও চাঙাভাব দেখা গেছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে প্রায় ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকারও বেশি।
রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা, পরিবারের অতিরিক্ত খরচ এবং গ্রামীণ অর্থনীতিতে নগদ প্রবাহ বাড়াতে প্রবাসীরা আগেভাগেই বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়ক হচ্ছে।
এর আগের মাস মার্চে রেমিট্যান্স এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি মাসে এ পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৪৫৪ কোটি ডলার।
অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই রেমিট্যান্স প্রবাহ দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মেটানো এবং টাকার ওপর চাপ কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।