নিজস্ব প্রতিবেদক:
দেশের বৃহত্তম বেসরকারি ও শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি ব্যাংকের কার্যক্রম, ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির প্রতি গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় কিছুটা অস্থিরতা তৈরি হয়। এ সময় আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক গ্রাহক। এর ফলে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে, যা ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং স্বাভাবিক কার্যক্রম নিয়ে ব্যাংক খাতে আলোচনার জন্ম দেয়।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় এর যেকোনো পরিস্থিতি পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। এ কারণেই ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারাও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, পুরো ব্যাংক খাতের জন্যই গুরুত্বপূর্ণ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ ইসলামী ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি গ্রাহক ও আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।