June 27, 2026, 7:29 am

বৃষ্টির প্রভাব কাটিয়ে সবজির দামে স্বস্তির ইঙ্গিত

  • Update Time : Friday, November 7, 2025

নিজস্ব প্রতিবেদক:

প্রায় চার মাসের টানা ঊর্ধ্বগতির পর রাজধানীর সবজির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। গত দুই সপ্তাহ ধরে বেশ কয়েকটি সবজির দাম কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে বাজারে—সবজির সরবরাহ বাড়ছে, দামও ধীরে ধীরে কমছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম কিছুটা স্থিতিশীল। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা বাজারের সবচেয়ে সস্তা সবজি। তবে বেগুন, ঢেঁড়স, করলা, বরবটি ও শিমসহ কিছু সবজি এখনো ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে।

বাজারে এখন প্রতি কেজি পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, নতুন শালগম ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মগবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, “গত কয়েক মাস সবজির দাম ছিল অনেক বেশি। এখন কিছুটা কমেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ৬০ টাকায় পেয়েছি, আজ কিছুটা বেড়ে ৮০ টাকায় কিনতে হচ্ছে। তবে আগের তুলনায় এখনো দাম সহনীয়।”

অন্যদিকে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, “সবজির দাম আগের তুলনায় অনেকটা কমেছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছিল, তাই এখন কিছুটা দাম বেড়েছে। তবে শীত যত এগোবে, সরবরাহ বাড়বে আর দামও আরও কমে যাবে।”

বিক্রেতা ও ক্রেতা—উভয় পক্ষই আশা করছেন, শীতের পূর্ণ মৌসুম শুরু হলে বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি সরবরাহ হবে, ফলে সবজির দাম আরও কমে সাধারণ মানুষের বাজার-চাপ কিছুটা লাঘব হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com