June 27, 2026, 7:21 am

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

  • Update Time : Sunday, May 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসব্যাপী সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। রোববার (৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষি ও মৎস্য–প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনটি মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ব্যবস্থা এবং দেশের বিভিন্ন অঞ্চলে পশু পরিবহন স্বাভাবিক রাখতে গৃহীত প্রস্তুতি তুলে ধরার জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব এলাকায় প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে পানি ঢুকে ফসল ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক বিষয় এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

তিনি আরও জানান, যেসব এলাকায় উপযুক্ত বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা করা সম্ভব, সেসব বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। গত দুই সপ্তাহ ধরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফসল কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

মন্ত্রী বলেন, অনেক এলাকায় ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কোথাও শ্রমিক সংকট দেখা দিলে অন্য এলাকা থেকে শ্রমিক পাঠানো হয়েছে। প্রয়োজনে ট্রাক ভাড়া করে শ্রমিক পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, কিছু এলাকায় ফসলের ক্ষতি হলেও তা ব্যাপক নয়। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার ইতোমধ্যে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা ক্ষতি কাটিয়ে পুনরায় কৃষিকাজে ফিরতে পারেন।

সরকারের এই উদ্যোগকে কৃষি খাতে একটি তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com