June 27, 2026, 6:44 am

তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন: সালাহউদ্দিন আহমদ

  • Update Time : Monday, January 26, 2026

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, “তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। দেশপ্রেম তার রক্তে, তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। তিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলদের উদ্দেশে বলেন, “আপনারা স্বাধীনতাপন্থি শক্তির পাশে থাকুন। আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি; তারা দেশকে ভারতের রাজ্যে পরিণত করতে চেয়েছিল। গণঅভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সব নেতাকর্মী দেশ ছাড়তে পারেননি। “সবাই তো আর দিল্লি যেতে পারেনি। যারা দেশে রয়ে গেছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে পারেন—এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা,” বলেন তিনি।

ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।” এ সময় তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com