নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ আরও সংকুচিত হচ্ছে। মার্কেটিং ও সেলস খাতে দেশটির নিজ নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সোমবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, মার্কেটিং ও সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে মোট কর্মীর অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানগুলোতে ৬০ শতাংশ সৌদি কর্মী নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এই খাতের আওতায় রয়েছে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার ও পাবলিক রিলেশন্স পদ।
অন্যদিকে সেলস খাতেও একই নীতি কার্যকর করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদে কমপক্ষে ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে।
মন্ত্রণালয় জানায়, ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হবে এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত হবে।