আন্তর্জাতিক ডেস্ক:
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে জানানো হয়, গত ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ১৮ হাজার ২০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮২৭ জন রয়েছেন।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৬২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, বাকিরা ইয়েমেন ও অন্যান্য দেশের নাগরিক।
একই সময় অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৪৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১১ জনকেও আটক করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করা যায়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ১৪ হাজার ৪৫১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ১১ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে সতর্কবার্তা দিয়ে আসছে।
উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের খবর প্রকাশিত হচ্ছে।