June 27, 2026, 8:24 am

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

  • Update Time : Wednesday, January 7, 2026

ক্রীড়া প্রতিবেদক:

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দল ভারতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ ‘সি’-এর প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের।

রোববার আইসিসিকে পাঠানো এক চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

মূলত কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশের পর বিষয়টি জটিল আকার ধারণ করে। বিসিসিআই এই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে জানায়নি। উল্লেখ্য, গত মাসের আইপিএল মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

এ বিষয়ে আইসিসি প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com