June 27, 2026, 2:56 am

কোহলির ব্যাটে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

  • Update Time : Monday, June 1, 2026

ক্রীড়া ডেস্ক:

বড় মঞ্চে আবারও উজ্জ্বল বিরাট কোহলি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুজরাট টাইটান্স। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শনের উইকেট হারিয়ে ধাক্কা খায় দলটি। গিল ১০ ও সুদর্শন ১২ রান করে ফেরেন সাজঘরে।

এরপর জস বাটলারও বড় ইনিংস খেলতে পারেননি। ১৯ রান করে আউট হলে আরও বিপদে পড়ে গুজরাট। বেঙ্গালুরুর বোলাররা পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে চাপে রাখেন। বিশেষ করে রসিখ সালাম, জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের বোলিং ছিল প্রশংসনীয়।

দলের বিপর্যয়ের মাঝে প্রতিরোধ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি তুলে নেন অর্ধশতক। তার ৫০ রানের ইনিংস গুজরাটকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ঝড়ো ক্যামিওর সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট।

বেঙ্গালুরুর হয়ে রসিখ সালাম সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া হ্যাজেলউড ও ভুবনেশ্বর দুটি করে উইকেট নেন।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন বিরাট কোহলি। ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বেঙ্গালুরু। আইয়ার ১৬ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন।

মাঝের ওভারগুলোতে রশিদ খান জোড়া উইকেট তুলে কিছুটা চাপ সৃষ্টি করলেও কোহলি ছিলেন অবিচল। ইনজুরির ধকল কাটিয়ে মাঠে নামা এই তারকা ব্যাটার দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেন এবং তুলে নেন আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম অর্ধশতক।

রজত পাতিদার ১৫ রান ও টিম ডেভিড ২৪ রান করে আউট হলেও জয়ের পথ থেকে বিচ্যুত হয়নি বেঙ্গালুরু। শেষ পর্যন্ত কোহলি ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। ১৮তম ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ফাইনালের সমাপ্তি টানে আরসিবি।

এই জয়ের মাধ্যমে আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুই মৌসুমে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল তারা।

ফাইনালে ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলে আবারও প্রমাণ করলেন বিরাট কোহলি—বড় ম্যাচের বড় তারকা তিনি এখনও।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com