ক্রীড়া প্রতিবেদক:
বৈভব সূর্যবংশীর নামের সঙ্গে যেন রেকর্ড শব্দটি অবিচ্ছেদ্য। মাঠে নামলেই নতুন কিছু করে দেখান এই ১৪ বছর বয়সী ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৮৪ বলে ১৯০ রান করে গড়েছেন বিশ্বরেকর্ড।
এবারের বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই সব আলো কেড়ে নেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী।
রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন বৈভব। মাত্র ৩৬ বলেই তিনি পূর্ণ করেন শতরান, যেখানে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই আসে ৮৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
এর আগে দ্রুততম সেঞ্চুরির কৃতিত্ব ছিল পাঞ্জাবের অনমোলপ্রীত সিংয়ের, যিনি গত বছর ৩৫ বলে শতরান করেছিলেন। পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটে কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়েন বৈভব। তবে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে জেক ফ্রেজার ম্যাকগার্কের দখলে, যিনি ২০২৩ সালে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
দ্রুততম সেঞ্চুরির তালিকায় বৈভব সূর্যবংশী চতুর্থ স্থানে থাকলেও, দ্রুততম দেড়শ রানের ইনিংসের নতুন রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ সালে করা ৬৪ বলে ১৫০ রানের রেকর্ড।
অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেই মাঠ ছাড়েন বৈভব। ৮৪ বলের এই ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। শেষ পর্যন্ত শুধুমাত্র বাউন্ডারি থেকেই তার ব্যাটে আসে ১৫৪ রান।