আন্তর্জাতিক ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।
এদিকে, এর আগে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
এরও আগে, গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর এক সপ্তাহের মধ্যেই বুধবার তাঁকে আবারও তলব করল ভারত।