June 27, 2026, 8:24 am

মান্না, সাকি ও নুরদের জন্য বিএনপির ১০ আসনে ছাড়: কোথায় লড়বেন কারা

  • Update Time : Wednesday, December 24, 2025

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর সঙ্গে ১০টি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে সাতটি আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না, আর বাকি তিনটি আসনে শরিক দলের নেতারা বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

যেসব ৭ আসনে বিএনপির প্রার্থী নেই

সমঝোতা অনুযায়ী, সাতটি আসনে বিএনপি কোনো প্রার্থী দিচ্ছে না। এসব আসনে শরিক দলগুলোর নেতারা নিজ নিজ দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো— বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পটুয়াখালী-৩: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও যশোর-৫: ইসলামী ঐক্যজোট নেতা রশিদ বিন ওয়াক্কাস।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে এর আগে বিএনপির প্রার্থী ছিলেন সাইফুল আলম নীরব। তবে সমঝোতার কারণে ওই আসনে এখন সাইফুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ধানের শীষে লড়বেন ৩ নেতা

তিনটি আসনে শরিক দলের নেতারা বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবেন। তারা হলেন—

কুমিল্লা-৭: এলডিপির (অলি আহমদ) সাবেক মহাসচিব রেদোয়ান আহমেদ, ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও নড়াইল-২: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ।

দলীয় সূত্র জানায়, এনপিপির নিবন্ধন না থাকায় আইনি জটিলতা এড়াতে ফরহাদ বিএনপির প্রতীকে নির্বাচন করবেন।

বিএনপিতে যোগ দিলেন রেদোয়ান আহমেদ

এলডিপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রেদোয়ান আহমেদ। বুধবার বিকেলে গুলশানে বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, রেদোয়ান আহমেদের বিএনপিতে ফেরা ‘ছেলের ঘরে ফেরার’ মতো, যা দলকে আরও শক্তিশালী করবে।

রেদোয়ান আহমেদ বলেন, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ আসন সমঝোতায় রাজি না হলেও দলের অধিকাংশ নেতা-কর্মী তার অবস্থানের সঙ্গে একমত। তিনি জানান, অলি আহমদ নির্বাচন করুন বা না করুন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতা অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন।

জমিয়তকে ৪ আসনে ছাড়

এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতার কথা জানায় বিএনপি। আসনগুলো হলো—

সিলেট-৫: উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১: মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবীব ও নারায়ণগঞ্জ-৪: মুফতি মনির হোসাইন কাসেমী।

তারা দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সমঝোতা থাকা সত্ত্বেও বিএনপি নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা হওয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র বা অন্যভাবে প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, একটি মহল দেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করতে ষড়যন্ত্র করছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com