June 27, 2026, 8:20 am

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ক্রীড়া তারকাসহ নিহত ৭

  • Update Time : Friday, December 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, নিহত সবাই বিফেলের পরিবারের সদস্য।

আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনিই এর মালিক। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে বিফেল পরিবারের সদস্যদের নিয়ে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করেন।

তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি আছড়ে পড়ে। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানান, আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

পরবর্তীতে পুড়ে যাওয়া উড়োজাহাজ থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় মোটরগাড়ি রেসার ছিলেন। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি পেশাদার রেসিং থেকে অবসর নেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকাতেও তাঁর নাম রয়েছে।

দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার তদন্তে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড) ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com