নিজস্ব প্রতিবেদক:
অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা এখানে একটি স্পষ্ট বার্তা দিতে সমবেত হয়েছি—বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মধ্য দিয়ে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়েছে, তরুণরা ততবার রাজপথে নেমে এসেছে।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে তিনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে।”
বিজয় দিবসের প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৬ ডিসেম্বর যেমন বিজয়ের দিন, তেমনি এটি প্রতিরোধের যাত্রার সূচনাও। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আজও সেই প্রতিরোধের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হচ্ছে। আগামীকাল বিজয় দিবসে আমরা সারা দেশের রাজপথে প্রতিরোধের যাত্রা শুরু করব এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব।”
তিনি আরও বলেন, “ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও আগের মতো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে কিংবা নির্বাচনে কারচুপি করবে, তাহলে তারা ভুল করছে। ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।”
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, তার পর এই পদে থাকার কোনো নৈতিক অধিকার তার নেই। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্নই থেকে যায়। আমরা আশা করি তিনি অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”