June 27, 2026, 7:20 am

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই: রিজভী

  • Update Time : Friday, November 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রকাশ্যে ভিন্ন অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত দুজনই এক হয়েছিলেন এবং গণতন্ত্রকে বারবার ক্ষতিগ্রস্ত করেছেন। তার অভিযোগ, উভয় শাসনামলেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।

রিজভী বলেন, শেখ হাসিনার দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ‘হাসিনোমিক্স’ নামে একটি ব্যবস্থার বিস্তার ঘটেছিল—যেখানে ব্যাংক ঋণ পরিশোধ না করলেও নতুন ঋণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। এর ফলে বর্তমানে দেশকে সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বইতে হচ্ছে। তার দাবি, নতুন সরকারকে এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তবু কর্মসংস্থান সংকট ও বেকারত্ব বাড়ছে—এ বিষয়েও পদক্ষেপ প্রয়োজন।

সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ কীভাবে বের হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভল্টে আরও স্বর্ণ আছে কি না—এসব নিয়েও নানা আলোচনা চলছে। তিনি দাবি করেন, এই স্বর্ণ শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠ কারও হতে পারে, এবং এর সত্য শিগগিরই প্রকাশ পেতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্য নেতারা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com