June 27, 2026, 6:48 am

মিটফোর্ডে লাল চাঁদ হত্যাকাণ্ড: মহিনকে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : Tuesday, July 15, 2025

ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ মহিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে একদল লোক লাল চাঁদকে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এই আলোচিত মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. নান্নু কাজী, সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির।

এর মধ্যে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি নান্নু কাজীকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা থেকে ধরা পড়ে রাজীব ও সজীব ব্যাপারী নামের দুই ভাই। মঙ্গলবার তাঁদেরও পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

এর আগে রোববার আলমগীর ও ছোট মনিরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের মোটিভ ও জড়িতদের ভূমিকা উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com