নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করেই বদলে গেছে চিত্র। যেখানে কিছুদিন আগেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, সেখানে এখন দেখা যাচ্ছে প্রায় ফাঁকা পাম্প—তেল আছে, কিন্তু নেই আগের মতো ক্রেতার ভিড়।
বুধবার দুপুরে রাজধানীর মুগদা, রাজারবাগ, মতিঝিল, আরামবাগ এবং মৎস্য ভবন এলাকাসহ বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দুপুর ১২টার দিকে মুগদার একটি সিএনজি স্টেশনে দেখা যায়, তেল নেওয়ার জন্য মাত্র দুটি মোটরসাইকেল অপেক্ষা করছে। একই সময়ে স্টেশনে নতুন করে অকটেন সরবরাহ করা হচ্ছিল। সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিন ধরেই পর্যাপ্ত সরবরাহ থাকায় গ্রাহকদের আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।
মতিঝিল এলাকার একাধিক ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে মোটরসাইকেলের কোনো লাইন ছিল না। মাঝেমধ্যে দু-একটি গাড়ি এলেও দ্রুত তেল নিয়ে চলে যাওয়ায় স্টেশনগুলো আবার ফাঁকা হয়ে পড়ছে। ফলে কর্মীদের অনেকটা অবসর সময় কাটাতে দেখা গেছে।
অন্যদিকে দৈনিক বাংলা মোড় সংলগ্ন একটি সিএনজি স্টেশনে ব্যক্তিগত গাড়ির কিছুটা উপস্থিতি থাকলেও মোটরসাইকেলের চাপ ছিল না। কর্মীদের ভাষ্য, এখন আর আগের মতো হঠাৎ ভিড় তৈরি হচ্ছে না।
তবে সব জায়গায় পুরোপুরি একই চিত্র নয়। রমনা এলাকার একটি স্টেশনে দুপুরের দিকে ৮-১০টি মোটরসাইকেলের ছোট লাইন দেখা গেছে। কিন্তু সেখানেও প্রাইভেটকারগুলো অপেক্ষা ছাড়াই তেল নিতে পারছে।
এছাড়া আরামবাগ ও রাজারবাগ এলাকাতেও ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, কোথাও বড় ধরনের জটলা নেই।
স্টেশন সংশ্লিষ্টদের মতে, ডিপো থেকে এখন নিয়মিত ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি তেলের দাম বাড়ায় অনেক গ্রাহক আগের মতো অতিরিক্ত তেল কিনে মজুত করছেন না। ফলে বাজারে কৃত্রিম চাহিদাও কমে গেছে।
তারা আরও জানান, গত দেড় মাসের তীব্র সংকট কাটিয়ে এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। অধিকাংশ যানবাহনেই পর্যাপ্ত জ্বালানি থাকায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় কমে গেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায়ও কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, সরবরাহ স্বাভাবিক হওয়া এবং মূল্যবৃদ্ধির প্রভাবে রাজধানীর জ্বালানি বাজারে এখন স্বস্তির চিত্র দেখা যাচ্ছে—যেখানে তেল থাকলেও ক্রেতার ভিড় আর নেই।