নিজস্ব প্রতিবেদক:
রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে আপিল আবেদন করেন। এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সোমবার, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা তার পক্ষে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।