নিজস্ব প্রতিবেদক:
দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিস্তারিত ও সুপরিকল্পিত রূপরেখা শুধুমাত্র বিএনপিরই রয়েছে—এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, অন্য কোনো রাজনৈতিক দলের এমন পরিকল্পনা নেই।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের অতীত রেকর্ড আমরা দেখেছি। তাদের হাতে কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। শুধু কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। জনগণের খাদ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক নিরাপত্তা—এসব কিছুর জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। জনগণ জানতে চায়, আমরা ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করব ও সমস্যাগুলোর সমাধান করব।”
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে, অন্য কোনো দলের নেই।”
অনুষ্ঠানে তিনি দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, নারী শিক্ষা বিস্তার, ক্রীড়া উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্য খাত সংস্কার, বেকারত্ব নিরসন, তরুণদের প্রশিক্ষণ, শিল্পখাত সম্প্রসারণসহ ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড—বিএনপির এসব পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে নেতা–কর্মীদের তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থ প্রতিষ্ঠায় বিএনপির সফলতা তুলে ধরে তারেক রহমান বলেন, “তালপট্টির অধিকার প্রতিষ্ঠা হোক বা পানির ন্যায্য হিস্যার দাবি—এগুলোতে বিএনপি সবসময়ই কার্যকর ভূমিকা রেখেছে। জিয়াউর রহমান জীবন বাজি রেখে তালপট্টি উদ্ধারে নেতৃত্ব দেন। পানির ন্যায্য হিস্যার জন্য আন্তর্জাতিক পর্যায়েও লড়েছে বিএনপি।”
তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে দেশে দুর্নীতির সূচক কমেছিল। জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোতে শুরু করে, আর খালেদা জিয়ার ২০০১–০৬ মেয়াদে দুর্নীতির লাগাম টেনে ধরা হয়েছিল। “দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়াউর রহমানই গঠন করেছিলেন, যেখানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে অনুমতি লাগত না। পরে আওয়ামী লীগ সরকার এসে এই আইন পরিবর্তন করেছে,” বলেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে এসব আইন পুনরায় সংস্কার করার কথাও জানান।
নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী। বিএনপি ক্ষমতায় গেলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। বিশেষ করে পিছিয়ে পড়া নারী সমাজ আগে এই সুবিধা পাবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কেউ অন্যায় করলে সে যেই দলেরই হোক—তার বিচার আইন অনুযায়ী হবে। অতীতেও বিএনপি দলীয়ভাবে নয়, আইনি ব্যবস্থার মাধ্যমেই অপরাধীদের বিচার করেছে—আগামীতেও তাই করবে।”