June 27, 2026, 8:38 am

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—প্রস্তাবে একমত দলগুলো

  • Update Time : Monday, July 28, 2025

এক ব্যক্তি যেন জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারেন, এমন প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও দলগুলো সম্মত হয়েছে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিনে এসব সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করবেন। এই মেয়াদ আমরা সনদে উল্লেখ করব।’

আলোচনার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি আরও পরিষ্কার করে বলেন, ‘আমরা আগেও বলেছি, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না। তবে শর্ত ছিল—যদি সংবিধান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে একটি নির্দিষ্ট কমিটি না থাকে, তাহলে আমরা এই প্রস্তাব মানব না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগসংক্রান্ত বিধান যুক্ত করা হোক। তবে এটি ছাড়া অন্য কোনো প্রসঙ্গে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। ১০ বছরের বিষয়টি আমরা নিজেরাই প্রস্তাব করেছিলাম, এখন আপনারা তা ঘোষণা দিতে পারেন।’

সংলাপে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল—বাংলাদেশ পুলিশকে আরও পেশাদার, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন। শুরুতে এটি কমিশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এবং পরে রাজনৈতিক দলগুলো এতে একমত হয়।

তবে এর আইনি কাঠামো ও গঠন প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে বলে জানান আলী রীয়াজ।

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে একমত হয়েছে। এর মাধ্যমে পুলিশের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনসেবামূলক ভূমিকা আরও জোরদার হবে।’

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com