নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে ঢাকায় ৩ জন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ২৪৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৮৪৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে হাম সংক্রমণ বাড়ছে। তারা শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়াতে কাজ করছে বলেও জানিয়েছে।