নিজস্ব প্রতিবেদক:
আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সৌদির বিভিন্ন অঞ্চলে জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও একই দিনে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। দেশ দুটি জানিয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার পর তারা আগামী ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে। সেই হিসাব অনুযায়ী দেশটিতেও সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।
মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন দেশে প্রস্তুতি শুরু হয়েছে।