June 27, 2026, 6:23 am

সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদে উত্তেজনা, বিরোধী জোটের ওয়াকআউট

  • Update Time : Friday, April 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ‘রাজনৈতিক সমঝোতা’ ও আস্থার ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী জোট।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

সংকটের সূত্রপাত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ নিয়ে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই পাস করার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল। কিন্তু বিলটি পাসের মাত্র ৩০ মিনিট আগে একটি সংশোধনী আনা হয়, যা সেই সমঝোতাকে ভেঙে দেয়।

সংশোধনীতে জাদুঘরের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে বিশেষজ্ঞের পরিবর্তে সংস্কৃতিমন্ত্রীকে রাখার প্রস্তাব করা হয়। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “এটি সরাসরি দলীয়করণের প্রতিফলন। শেষ মুহূর্তে এভাবে সংশোধনী আনা রাজনৈতিক জোচ্চুরি।”

অভিযোগের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংশোধনীটি সরকার আনেনি; এটি একজন বেসরকারি সদস্যের প্রস্তাব। তার মতে, পর্ষদের প্রধান হিসেবে মন্ত্রী থাকা একটি সাধারণ প্রথা এবং এটি দলীয়করণ নয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো সদস্য সংশোধনী আনতে পারেন। তিনি যুক্তি দেন, সংশোধনীর মাধ্যমে পর্ষদে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, যাতে কেউ দুর্নীতি বা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা নেওয়া যায়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তামাক নিয়ন্ত্রণসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়নি। তার দাবি, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো বিল আকারে পাস না হলে তা তামাদি হয়ে যাবে।

এ বিষয়ে আইনমন্ত্রী জানান, এসব অধ্যাদেশ আরও যুগোপযোগী ও শক্তিশালী করার জন্য যাচাই-বাছাই চলছে এবং পরে বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই তা সংসদে আনা হবে। তবে এই আশ্বাসে আস্থা রাখতে পারেনি বিরোধী দল।

বিরোধীদলীয় নেতা বলেন, “আস্থা হারিয়ে এখানে থাকা অর্থহীন। বিশ্বাস রক্ষা করা হয়নি—এই দুঃখ নিয়েই আমরা ওয়াকআউট করছি।”

এ সময় স্পিকার মন্তব্য করেন, “আপনারা যদি ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম।” এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি সংসদের প্রথম দিন ন্যায়বিচার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা পাননি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত জাদুঘরটি ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সব স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস ধারণ করবে এবং এটি কোনো দলের নয়, বরং জাতির সম্পদ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com