নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতো প্রতিটি বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুর সফরে যান ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও কর্মতৎপরতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এটি দেশের জন্য অনুপ্রেরণাদায়ক এবং বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যতের বার্তা বহন করে। নতুন সরকারের লক্ষ্য একটি দক্ষ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক প্রশাসন গড়ে তোলা।
প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, গত দেড় দশকে জনপ্রশাসনে দলীয়করণের প্রভাব পড়েছে, ফলে নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, নতুন নীতিমালার আলোকে একটি মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে, যেখানে প্রশাসন জনগণের সেবক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের আস্থা অর্জন করেছে। এই বিজয়ের সঙ্গে দায়বদ্ধতা ও জবাবদিহিতা জড়িত। নির্বাচনী ইশতিহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান দায়িত্ব।
দেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইসমাইল জবিউল্লাহ বলেন, শুধু একটি দল নয়, বরং সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিন সার্কিট হাউসে উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।