নিজস্ব প্রতিবেদক:
চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে খোলা আকাশের নিচে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই আয়োজনের মধ্য দিয়ে। একই দিন সকালে একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখও নির্ধারণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এতদিন রীতি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতো বঙ্গভবন–এর দরবার হলে। স্বাধীনতার পর এ পর্যন্ত গঠিত সব সরকারের শপথ সেখানেই হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
তবে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দলের পছন্দ অনুযায়ী শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ সদস্যদের শপথে আনুষ্ঠানিকতা তুলনামূলক কম থাকলেও মন্ত্রিসভার শপথে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, আপ্যায়ন এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পর্যায়ক্রমিক শপথ গ্রহণের মতো একাধিক ধাপ থাকে। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় পুরো আয়োজন নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে।
এ আয়োজনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে এক ভিন্ন আবহে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন নজির হিসেবেই বিবেচিত হচ্ছে।