June 27, 2026, 8:20 am

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

  • Update Time : Saturday, February 14, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেট জারি করা হয়। এতে বিজয়ী সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

গেজেট প্রকাশের পর এখন শপথ গ্রহণের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

তবে সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির। নির্ধারিত তিন দিনের মধ্যে তা সম্পন্ন না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হচ্ছে না।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে এবং দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন সবার দৃষ্টি শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়ার দিকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com