June 27, 2026, 7:15 am

নির্বাচন ঘিরে যা জানা জরুরি

  • Update Time : Tuesday, February 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) একগুচ্ছ নির্দেশনা জারি করেছে। কোথায় কী বন্ধ থাকবে, কী খোলা থাকবে, যানবাহন চলাচল ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) কী ধরনের বিধিনিষেধ থাকবে এবং ভোট দিতে কী জানা দরকার—এসব তথ্য এক নজরে তুলে ধরা হলো।

সরকারি ছুটি ও অফিস-আদালত

নির্বাচন উপলক্ষে ভোটের আগে ও ভোটের দিন ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি প্রশাসনিক সেবা চালু থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায়) এবং পয়েন্ট অব সেলস (পিওএস) সেবা চালু থাকবে।

যান চলাচলে বিধিনিষেধ

নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

মোটরসাইকেল: ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) চলাচল নিষিদ্ধ।

ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক: ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার বাইরে থাকবে—

জরুরি সেবার যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যান, অনুমোদিত পর্যবেক্ষক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, বিমানযাত্রী (টিকিট দেখাতে হবে), টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান এবং রিটার্নিং কর্মকর্তার অনুমতিপ্রাপ্ত প্রার্থী ও এজেন্টদের একটি ছোট গাড়ি। রাজধানীতে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচিতে চলবে।

এমএফএস ব্যবহারে কড়াকড়ি

ভোট কেনাবেচা ও নাশকতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক এমএফএসে বিশেষ বিধিনিষেধ দিয়েছে, যা কার্যকর রয়েছে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ: এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না।

সেন্ড মানি সীমা: প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা, দিনে সর্বোচ্চ ১০ বার (মোট ১০ হাজার টাকা)।

চালু থাকবে: মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, কেনাকাটার পেমেন্ট, শিক্ষা ও জরুরি সরকারি ফি পরিশোধ।

ভোটের দিন কী করতে হবে

ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এনআইডি কার্ড সঙ্গে রাখা ভালো, তবে বাধ্যতামূলক নয়। পরিচয় যাচাইয়ের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে এবং সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট দেওয়া হবে।

ভোটার গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে সিল দিয়ে ব্যালট ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলবেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com