নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানায়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ওই দুই দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে এ ছুটি ঘোষণা করা হয়েছে।