June 27, 2026, 8:22 am

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

  • Update Time : Saturday, January 31, 2026

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক মহলে বাড়তি আগ্রহের কারণে বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থা এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে।

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা মোট ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আগের নির্বাচনগুলোর তুলনায় এবার পর্যবেক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর আগে ১২তম সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি এবং পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com