June 27, 2026, 6:10 am

উত্তরা এলাকায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

  • Update Time : Wednesday, January 28, 2026

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি—বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার জন্য একটি সরকারি হাসপাতাল স্থাপন। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফল করতে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে। তিনি বলেন, “এই অবদান আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

সমাবেশে উত্তরার গ্যাস সংকটের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “আপনারা নিয়মিত বিল পরিশোধ করছেন, অথচ ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। এটি শুধু উত্তরার সমস্যা নয়, সারাদেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের সুযোগ দেওয়া হয়নি। এই সংকট নিরসনে নতুন উদ্যোগ নিতে হবে এবং শিল্পকারখানা স্থাপন করতে হবে।”

এছাড়া তিনি উত্তরায় পানির সংকট, জলাবদ্ধতা ও যানজট সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

সমাবেশ শেষে রাত ১টা ২০ মিনিটে তারেক রহমান উত্তরা থেকে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, রাত ১টা ৪৮ মিনিটে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ গুলশানের বাসায় পৌঁছান।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় তিনি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। সেখানে বিকেলে নির্বাচনি সমাবেশ শেষে গাজীপুরে আরেকটি সমাবেশে অংশ নেন। রাত ১২টার দিকে গাজীপুরের সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন তিনি। সড়কপথে যাত্রাকালে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান, এ সময় তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর তিনি বরিশাল বিভাগে নির্বাচনি প্রচারে যাবেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com