June 27, 2026, 7:19 am

সুষ্ঠু নির্বাচনে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে: সিইসি

  • Update Time : Sunday, January 25, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ওপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে ইসি। তবে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করা হয়।

সিইসি জানান, বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের রোডম্যাপ, আইনি প্রক্রিয়া ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনীতিকরা কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের আস্থা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী আইন ও বিধিমালা, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com