নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। দলের প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের ঢলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও মানুষের ভিড় দেখা যায়।
দুপুর ১২টার দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করছেন। তাদের হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড। অনেককে বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোগোসংবলিত টি-শার্ট পরতে দেখা গেছে।
নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলের দিকে অগ্রসর হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে তিন লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।