June 27, 2026, 8:24 am

ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

  • Update Time : Monday, January 19, 2026

নিজস্ব প্রতিবেদক:

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা ইসির সামনে জড়ো হতে থাকেন। মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্র নেতারা কর্মসূচিতে অংশ নেন। পরে সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ছাত্রদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তোলে। অভিযোগগুলো হলো—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. একটি বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করে ছাত্রদল।

ছাত্রদল নেতারা এসব অভিযোগের দ্রুত সমাধান এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com