নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের যে আস্থা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে তৈরি করার কথা ছিল, তা তারা হারিয়েছে। এভাবে নির্বাচনী কার্যক্রম চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, দল হিসেবে এনসিপি আর কোনো আস্থা পাচ্ছে না। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি দলের রাজনৈতিক পর্ষদে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আপিল শুনানি প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আইনের বাইরে গিয়ে আবেগ ও চাপের ভিত্তিতে একাধিক রায় দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, শুনানি শেষ হওয়ার কথা জানিয়ে ১৫ মিনিট সময় চাওয়া হলেও দেড় ঘণ্টা পার হয়ে যায়। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রায় দেয়। কোনো দলের সঙ্গে বৈঠকের পর রায় দেওয়াকে তিনি ‘সাজানো শুনানি’ হিসেবে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, আইন লঙ্ঘন করে একাধিক বিতর্কিত প্রার্থীকে বৈধতা দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রামের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হবে বলে এক কমিশনার প্রথমে মত দিলেও পরে গ্যারান্টার হিসেবে দায়মুক্তির ব্যাখ্যায় তা গ্রহণযোগ্য ঘোষণা করা হয়। এসব বিষয়ে ভবিষ্যতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পাশাপাশি অন্যান্য স্টেকহোল্ডার, জোট শরিক, গণতান্ত্রিক আন্দোলনের সহযোগী ও জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এনসিপি চায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত হোক। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠাই তাদের প্রথম অগ্রাধিকার।