নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গুলশানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। ৬টা ৪৭ মিনিটে তিনি বাসভবনে প্রবেশ করেন এবং ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন।
বিএনপি চেয়ারম্যান হিসেবে এই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
দীর্ঘ এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিন পর এবার সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করলেন তিনি। যদিও এর আগে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।
এরও আগে গত বছরের ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন, যেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উঠে আসে।