নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিগত নিরাপত্তায় এবার গানম্যান পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাপত্তা হুমকি বিদ্যমান। সে কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুনকেও ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়।