নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে ইউট্যাবের নেতারা কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, জীবদ্দশায় খালেদা জিয়া স্বামী, সন্তান ও ঘরবাড়ি হারিয়েছেন এবং দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও তিনি দেশের বাইরে যাননি, কারণ তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক।
অধ্যাপক ওবায়দুর রহমান আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনাকেও পরাজিত করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেখেই যেতে পারেননি এই নেত্রী।
তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না।
ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে শিক্ষক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ২০১২ সালে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ উদ্যোগেই ইউট্যাব প্রতিষ্ঠিত হয়। তিনি জানান, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ইউট্যাব সবসময় খালেদা জিয়ার পাশে ছিল।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছেন, যাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম ও লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।