ক্রীড়া প্রতিবেদক:
মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয়বার চিঠি দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আইসিসিকে আরেকটি ইমেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ভারত সফরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এবং শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পরই আইসিসিকে দ্বিতীয় চিঠি পাঠানো হয়। সূত্রটি জানায়, আইসিসি নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট উদ্বেগ জানতে চেয়েছিল, বিসিবি সেগুলো চিঠিতে উল্লেখ করেছে। তবে চিঠির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
এর আগে আইসিসি প্রথম চিঠির জবাবে জানিয়েছিল, ইভেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। তবে তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আরও স্পষ্টভাবে জানতে চেয়ে বিসিবির সঙ্গে সহযোগিতার আশ্বাস দেয়।
গত বুধবার ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানান, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে এবং এ বিষয়ে আইসিসিকে পুনরায় চিঠি দেওয়া হবে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানান, আইসিসির চিঠি পর্যালোচনা করে তাদের মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভারতে যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা সংস্থাটি পুরোপুরি অনুধাবন করতে পারেনি। তিনি বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা ও সার্বিক নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে বিকল্প আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।
তিনি আরও জানান, ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে না এবং আইসিসিকে তাদের যুক্তি বোঝাতে তারা সক্ষম হবে বলে আশাবাদী।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটায় ম্যাচগুলো ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।