June 27, 2026, 6:09 am

ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক: আসিফ মাহমুদ

  • Update Time : Wednesday, January 7, 2026

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে গভীর শঙ্কা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেল তিনটার দিকে চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন আসিফ মাহমুদ।

নির্বাচন নিয়ে জনমনের অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, রাস্তায় বের হলেই মানুষ জানতে চায়—নির্বাচন আদৌ হবে কি না। এটি সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা যে তারা জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারেনি। নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে এখনো মানুষের মনে সংশয় রয়েছে।

দলের ভেতরেও শঙ্কা কাজ করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে একজন প্রার্থীর শুনানি হওয়ার কথা, সেখানে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলে শঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, তফসিল ঘোষণার পরদিনই চিহ্নিত আসামিদের হাতে এনসিপির এক কর্মী হাদি নিহত হন। এতে নির্বাচন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা নেই; পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।

ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। তবে তিনি বলেন, শুধু আশ্বাস নয়, কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। একতরফা নির্বাচনের পথে গেলে এনসিপি তা মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে। দেশে যদি আবারও ‘পাতানো নির্বাচন’ আয়োজনের চেষ্টা করা হয়, তবে এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com