নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজা শেষে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং তাকে সমাহিত করা হবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশেই।
আসিফ নজরুল আরও জানান, জানাজা ও আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার সঙ্গে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ আলাপের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। দেশের মানুষের হৃদয়ে তার অবস্থান চিরঅম্লান থাকবে। জানাজার নামাজ শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।