June 27, 2026, 9:49 am

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নতুন রাজনীতির অঙ্গীকার

  • Update Time : Thursday, December 25, 2025

নিজস্ব প্রতিবেদক:

গত বছরের ৫ আগস্টের পর থেকেই একটি প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ছিল—তারেক রহমান কবে দেশে ফিরছেন। আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট লন্ডনের হিথরো বিমানবন্দর ছেড়ে ঢাকার পথে যাত্রা করে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির নেতা-কর্মীদের কাছে কেবল একটি আগমন নয়; এটি নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব এবং নতুন করে পথচলার প্রতীক।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। আজ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান—চেয়ারপারসন খালেদা জিয়ার পরে বিএনপির দ্বিতীয় প্রধান নেতা। বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মায়ের অসুস্থতার প্রেক্ষাপটে কার্যত তারেক রহমানই দলটির নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাঁর নেতৃত্বেই অংশ নিচ্ছে। ফলে নির্বাচনের ঠিক আগে তাঁর দেশে ফেরা দলটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সারাদেশে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা তৈরি হবে।

বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ স্পষ্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী সমমনা আটদলীয় জোট। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির কৌশল ও মাঠের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এ কারণেই তাঁর আগমন উপলক্ষে রাজধানীতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

পূর্বাচলে গণসংবর্ধনা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু বসানো হয়েছে। সড়কের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে মাইক, আর পুরো এলাকায় টাঙানো হয়েছে ‘তারেক রহমানকে স্বাগত’ জানানো ব্যানার ও ফেস্টুন।

লাখো মানুষের ঢল

কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ লঞ্চে—হাতে বাংলাদেশ ও বিএনপির পতাকা, কণ্ঠে স্লোগান। সংবর্ধনা মঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থকেরা জড়ো হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করছেন অনেকে। ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ কিংবা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে এবার বাংলাদেশে’—এমন স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।

নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সহসভাপতি ফেরদৌস নাভিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে থাকবে ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও জনগণের শাসন।”

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসাইন বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় এসেছি।”

নির্বাসনের দীর্ঘ অধ্যায়

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তির পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। এরপর দীর্ঘ ১৭ বছর সেখানেই অবস্থান করেন।

আজ তিনি ফিরছেন এমন এক সময়ে, যখন দেশের রাজনীতি নতুন বাঁক নিচ্ছে। নির্বাচন সামনে রেখে বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। দলীয় নেতাদের বিশ্বাস, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির নয়, পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের গণসংবর্ধনা, এরপর এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে সাক্ষাৎ—এই যাত্রাপথ যেন রাজনৈতিক দায়িত্ব ও ব্যক্তিগত আবেগের এক অনন্য মেলবন্ধন। মায়ের শয্যাপাশে ফিরে আসা ছেলে আর একই দিনে লাখো কর্মীর ভালোবাসায় সিক্ত হওয়ার মুহূর্ত বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com