নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরবেন। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করবেন তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
উল্লেখ্য, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানালেও এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।