June 27, 2026, 6:10 am

মিরপুরে বিজয় দিবস ক্রিকেট

  • Update Time : Tuesday, December 16, 2025

ক্রীড়া প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মাঠে নেমেছিলেন দেশের সাবেক ক্রিকেটাররা। মঙ্গলবার মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে ১৩৮ রান। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নাদিফ চৌধুরী, ২৬ বলে করেন সর্বোচ্চ ৪৬ রান। তুষার ইমরান শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৭ বলে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন।

জুয়েল একাদশের বোলারদের মধ্যে আবদুর রাজ্জাক ছিলেন সবচেয়ে সফল, তিনি নেন ৩টি উইকেট। আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান নেন একটি করে উইকেট।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জুয়েল একাদশের শুরুটা ভালো হয়নি। ওপেনার জাভেদ ওমর বেলিম ৮ বলে ৩ রান করে ফিরে যান। অপর ওপেনার শাহরিয়ার নাফীস একপ্রান্ত ধরে ব্যাটিং করেন, তবে তিনিও ৩৩ বলে ৩৬ রান করে আউট হন।

শেষ দিকে অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে অপরাজিত থাকেন। তালহা জুবায়ের ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও দলের জয় নিশ্চিত করতে তা যথেষ্ট ছিল না। ৪ উইকেট হারিয়ে ১০০ রানেই থামে জুয়েল একাদশের ইনিংস।

মুশতাক একাদশের হয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান একটি করে উইকেট নেন। ফলে ৩৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুলের দল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com