June 27, 2026, 6:10 am

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান

  • Update Time : Tuesday, December 16, 2025

নিজস্ব প্রতিবেদক:

ভয়ের কোনো কারণ নেই এবং নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায়, তারা ব্যর্থ হবে। মানুষের জয়–পরাজয় ও জীবন–মৃত্যু আল্লাহর হাতে নির্ধারিত; তাই আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তারেক রহমান বলেন, ১৯৭১, ২০২৪, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় অনিবার্য। তিনি দৃঢ়ভাবে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনে নিজে প্রচারণায় অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বলেন, গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, ওয়ার্ড-মহল্লা ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনী আন্দোলনে তিনি নেতাকর্মীদের সঙ্গে থাকবেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো পরীক্ষামূলক নির্বাচন নয়; এটি অতীতের যেকোনো সময়ের চেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব জড়িত।

আগামী দশককে ‘রূপান্তরের দশক’ উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী, তরুণ, কৃষক-শ্রমিকসহ কর্মক্ষম জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

বিজয়ের বার্তাকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে এর সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন প্রত্যাশা করছে।

হাদি হত্যাচেষ্টার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারা লাভবান হবে, নির্বাচন ছাড়াই সরকার বহাল থাকলে কাদের স্বার্থ রক্ষা পাবে এবং জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে কারা উপকৃত হবে—এই প্রশ্নগুলোর মধ্যেই ঘটনার উত্তর নিহিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com