June 27, 2026, 7:58 am

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

  • Update Time : Saturday, December 13, 2025

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ-সারির যোদ্ধা ওসমান হাদিসহ সংশ্লিষ্টদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ-সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে।

এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন এবং অস্ত্রের লাইসেন্স চাইবেন, তাদের লাইসেন্স দেওয়া হবে। যাদের বৈধ অস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সরকার প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com