নিজস্ব প্রতিবেদক:
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক সক্ষমতা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর।
শনিবার বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ এসব কথা জানান।
১৪ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ারে নেওয়া হয়। এরপর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব প্রসঙ্গে ডা. জাহিদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। তবে সে সময়ই মেডিকেল বোর্ড মূল্যায়ন করে জানায়, তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় তখন বিদেশ যাত্রা উপযুক্ত হবে না।
তিনি আরও বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স এখন প্রস্তুত। তবে কোথাও যাওয়ার আগে তাঁর নিরাপত্তা, ভ্রমণঝুঁকি ও শারীরিক সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। চিকিৎসকরা এ নিয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে বলেছেন বলে জানান ডা. জাহিদ।
গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। সত্য তথ্য চিকিৎসক দলই জানাবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগের মতো এবারও খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন।