June 27, 2026, 7:18 am

খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান না দেওয়ার অনুরোধ

  • Update Time : Tuesday, December 2, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থভাবে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি দেশের জনগণকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তার চিকিৎসা তদারকি করছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ডা. জাহিদ বলেন, বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডের অনুমোদনের পরই তা হবে। “সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও রোগীর বর্তমান অবস্থার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি,” তিনি যোগ করেন।

তিনি আরও জানান, দলের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন, আর খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্রিফিং দেবেন তিনি।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা পাচ্ছেন। চিকিৎসা তত্ত্বাবধান করছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি মেডিকেল বোর্ড।

হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে রোগী ও পরিবারের সদস্যরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং জনসমাগম নিয়ন্ত্রণ করা যায়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com