June 27, 2026, 7:15 am

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, মশাল রোড শো স্থগিত: রিজভী

  • Update Time : Sunday, November 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অসুস্থতার কারণেই বিজয়ের মাসে ঘোষিত ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “সর্বশেষ খবর অনুযায়ী ম্যাডামের শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি।”

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হওয়ার কথা ছিল মশাল রোড শো কর্মসূচির। বিভিন্ন বিভাগে সভা-মিছিলের মধ্য দিয়ে কর্মসূচিটি পরবর্তী দিনগুলোতেও চলার পরিকল্পনা ছিল। তবে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজভী বলেন, “বিজয়ের মাস উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল। কিন্তু চেয়ারপারসনের অসুস্থতার কারণে আমরা কর্মসূচি স্থগিত করছি। তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে অনুরোধ করছি।”

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “এই পরিস্থিতিতে তাঁর ফেরার কোনো নতুন আপডেট নেই। মায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

এর আগের দিন গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মশাল রোড শো কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ১ ডিসেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে এর সমাপ্তি হওয়ার কথা ছিল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com