June 27, 2026, 7:17 am

ফার্মগেটে মেট্রো স্টেশনে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

  • Update Time : Sunday, October 26, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩০), তার বাড়ি শরীয়তপুরে। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে হাঁটার সময় হঠাৎ উপর থেকে বেয়ারিং প্যাডটি আবুল কালামের মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেয়ারিং প্যাডটি পড়ে শুধু ওই পথচারীই মারা যাননি, ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণি এলাকার একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, বেয়ারিং প্যাড একটি বিশেষ ধরনের রাবারজাত উপাদান, যা মেট্রোরেল পিয়ারের সঙ্গে ভায়াডাক্টের সংযোগ স্থলে স্থাপন করা হয়, যাতে কাঠামোগত ভারসাম্য বজায় থাকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com