June 27, 2026, 9:41 am

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে আজ প্রচারণায় নামছেন প্রার্থীরা

  • Update Time : Wednesday, January 21, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এই সংখ্যা নির্ধারিত হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে দলীয় প্রার্থীর পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবার প্রার্থী কিছুটা বেড়েছে। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের হিসাব আপাতত এই তালিকার বাইরে রয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। শেষ পর্যন্ত ৩০৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারণাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারি থাকবে বলেও জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী, গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত সময়ে এসব প্রার্থীও মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com